
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে সাবেক পৌর ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ছাত্রলীগ নেতা মোঃ সাকিব আহম্মেদ (৩০) এবং আওয়ামী লীগ সমর্থক মোঃ মিনার হোসেন (২৯)। সাকিব আহম্মেদ বেনাপোল থানার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে এবং মিনার হোসেন একই এলাকার সাদিপুর পূর্বপাড়ার মোঃ আলী হোসেন এর ছেলে। পুলিশ জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মী এবং তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় বেনাপোল পোর্ট থানা-পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী সাকিব আহম্মেদ ও মিনার হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এলাকায় কোথাও কেউ নাশকতার পরিকল্পনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যশোর আদালতে পাঠানো চলছে।